হেলাল সরকার, কানাডা প্রতিনিধি: টরন্টোতে আনুষ্ঠানিকভাবে পুনর্নির্বাচনী প্রচারণা শুরু করেছেন মেয়র অলিভিয়া চৌ। বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে ডেনফোর্থ মিউজিক হলে আয়োজিত প্রচারণার উদ্বোধনী অনুষ্ঠানে টরেন্টো টু ডে এর মতে এক হাজার মানুষ অংশ নেন।
২০২৩ সালের মেয়র নির্বাচনে বিজয়ের রাতে যে হলুদ পোশাক পরেছিলেন, এবারের প্রচারণা শুরুর অনুষ্ঠানেও একই পোশাক পরে মঞ্চে ওঠেন চৌ। অনুষ্ঠানে বিভিন্নপর্যায়ের রাজনীতিক, কমিউনিটি নেতা, সংগঠক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা টরন্টো টু ডে’র মতে উপস্থিত ছিলেন। প্রায় ১৫ মিনিটের বক্তব্যে চৌ তাঁর মেয়র হিসেবে দায়িত্ব পালনের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে আসন্ন নির্বাচনে টরন্টোর জন্য দুটি ভিন্ন ভবিষ্যতের চিত্র ভোটারদের সামনে তুলে ধরেন তিনি। তাঁর ভাষায়, টরন্টোবাসী চাইলে ‘ভয়েরবদলে আশা’ এবং ‘বিভক্তির বদলে ঐক্য’ বেছে নিতে পারে; অন্যদিকে এমন নেতৃত্বও বেছে নিতে পারে, যারা জনসেবা ওনগরীর পাবলিক স্পেসে কাটছাঁট করবে।
টরন্টোনিয়ানদের উদ্দেশে চৌ বলেন: “Toronto, are you ready to choose hope over fear? Unity over division? To move forward, not backward? Are you ready to win?”
এরপর তিনি বলেন, টরন্টোবাসী একসঙ্গে কাজ করে আরও আবাসন নির্মাণ, জীবনযাত্রার ব্যয় কমানো এবং নিজেদের শহরের ভবিষ্যৎ নিজেরাই নির্ধারণ করতে পারে। তাঁর বক্তব্যের বিপরীত চিত্র হিসেবে তিনি এমন একটি টরন্টোর কথা বলেন, যেখানে জনসেবা কমে যাবেএবং মানুষকে বিভক্ত করা হবে বলে সিটি নিউজ টরন্টো জানান।
চৌয়ের বক্তব্যে ‘ভয়’ ও ‘বিভক্তি’ শব্দ দুটি বিশেষভাবে আলোচনার জন্ম দিয়েছে। তিনি নির্দিষ্ট করে কোনোএকটি গোষ্ঠী বা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে ‘বিভক্তির’ উৎস হিসেবে চিহ্নিত করেননি। তবে তাঁর বক্তব্যের সামগ্রিক প্রেক্ষাপটে আবাসন সংকট, জীবনযাত্রার ব্যয়, জনসেবা, নগরীর ভবিষ্যৎ এবং অর্থনৈতিক অনিশ্চয়তার বিষয়গুলো উঠে আসে।চৌ তাঁর মেয়র হিসেবে দায়িত্ব পালনের সময়কার বিভিন্ন উদ্যোগও তুলে ধরেন। এর মধ্যে রয়েছে TTC ভাড়া তিন বছর অপরিবর্তিত রাখা, সাশ্রয়ী আবাসনে বিনিয়োগ, লাইব্রেরির সময় বাড়ানো এবং বিভিন্ন নগরসেবায় কর্মী বাড়ানোর উদ্যোগ। তবে তাঁর প্রথম দুই বাজেটে সম্পত্তি কর যথাক্রমে ৯ দশমিক ৫ শতাংশ ও ৬ দশমিক ৯ শতাংশ বাড়ানো হয়েছিল। এবারের নির্বাচনে চৌয়ের পক্ষ থেকে সম্পত্তিকর বৃদ্ধির হার তুলনামূলকভাবে সীমিত রাখার প্রতিশ্রুতিও সামনে এসেছে।
প্রচারণা উদ্বোধনী বক্তব্যের শেষ দিকে চৌ তাঁর সমর্থকদের সামনে আগামী দিনের লক্ষ্যও তুলে ধরেন। তাঁর ভাষায়, গত তিন বছরে একটি ভিত্তি তৈরি হয়েছে এবং এখন সেই কাজ শেষ করতে হবে। তিনি টরন্টোকে আরও সাশ্রয়ী, যত্নশীল ও ঐক্যবদ্ধ শহর হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
এদিকে সাম্প্রতিক এক জরিপে মেয়র পদে চৌ তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বীর চেয়ে দুই অঙ্কের ব্যবধানে এগিয়ে আছেন বলে জানিয়েছে গ্লোবাল নিউজ। টরন্টোর ২০২৬ সালের মেয়র নির্বাচন অনুষ্ঠিত হবে।
চৌয়ের প্রচারণার উদ্বোধনী বক্তব্যে ‘ভয়ের বিপরীতে আশা’ এবং ‘বিভক্তির বদলে ঐক্য’—এই বার্তাই এখন বিশেষভাবে আলোচনায়। তবে তাঁর বক্তব্যে ‘ভয়’ বলতে ঠিক কোন পরিস্থিতি এবং ‘বিভক্তি’ বলতে কোন রাজনৈতিক বা সামাজিক বাস্তবতাকে বোঝানো হয়েছে—নির্বাচনী প্রচারণা যত এগোবে, সেই প্রশ্নের উত্তরও স্পষ্ট হবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা




