ধুনটে ছাত্রদল নেতা রাকিবের উদ্যোগে হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ

ধুনটে ছাত্রদল নেতা রাকিবের উদ্যোগে হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ
বগুড়ার ধুনট উপজেলার চাপড়া গ্রামে অসহায় ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার ও নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন এবং পরিবেশ সংরক্ষণে বৃক্ষচারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন লিও ক্লাব অব ঢাকা শাপলার পাস্ট প্রেসিডেন্ট ও ডিরেক্টর লিও জিন্নাহুর রহমান রাকিব। -অনুসন্ধানবার্তা

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপজেলার চাপড়া গ্রামে এক ছাত্রদল নেতার উদ্যোগে অসহায় ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার ও নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন এবং পরিবেশ সংরক্ষণে বৃক্ষচারা বিতরণ কর্মসূচি পালন করেছে ‘লায়ন্স ক্লাব অব ঢাকা শাপলা ও লিও ক্লাব অব ঢাকা।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৫টায় লায়ন্স ক্লাব অব ঢাকা শাপলা ও লিও ক্লাব অব ঢাকা শাপলার যৌথ উদ্যোগে এ সেবামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

লিও ক্লাব অব ঢাকা শাপলার প্রেসিডেন্ট লিও তরিকুল ইসলাম নাঈমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিও ডিস্ট্রিক্ট বাংলাদেশের প্রেসিডেন্ট অ্যাডভাইজার, লিও ক্লাব অব ঢাকা শাপলার পাস্ট প্রেসিডেন্ট ও ডিরেক্টর লিও ছাত্রদল নেতা জিন্নাহুর রহমান রাকিব।

অনুষ্ঠানে অসহায়, শারীরিক প্রতিবন্ধী ও অসুস্থ বয়স্ক ব্যক্তির জন্য হুইলচেয়ার এবং নারীদের স্বাবলম্বী করে তুলতে সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষচারা বিতরণ এবং বৃক্ষরোপণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আব্দুল হালিম, লিও ক্লাব অব ঢাকা শাপলার জয়েন্ট সেক্রেটারি লিও আব্দুল কাইয়ুম আকাশ, এক্সিকিউটিভ মেম্বার লিও মাসুদ রানা প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি লিও জিন্নাহুর রহমান রাকিব বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো, নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।