প্রেসিডেন্ট জেলেনস্কি ও ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কির কানাডা সফর

ইউক্রেনের প্রতি কানাডার অব্যাহত সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী কার্নি

প্রেসিডেন্ট জেলেনস্কি ও ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কির কানাডা সফর

হেলাল সরকার, কানাডা প্রতিনিধি: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কি ৯ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত কানাডা সফর করছেন। এই সফর ইউক্রেনের প্রতি কানাডার অব্যাহত নেতৃত্ব ও সমর্থনের পাশাপাশি ন্যায়সঙ্গত ও দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কানাডার অটল অঙ্গীকারের প্রতিফলন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি।

এক বিবৃতিতে পাঠানো তথ্যের ভিত্তিতে বিস্তারিত জানা যায়,  সফরকালে প্রেসিডেন্ট জেলেনস্কি ও ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কি ক্যালগারি, টরন্টো ও নর্থ বে-তে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। এছাড়া বানফে অনুষ্ঠিত ক্যাবিনেট প্ল্যানিং ফোরামে কানাডার মন্ত্রিসভার সদস্যদের উদ্দেশে বক্তব্য দেবেন প্রেসিডেন্ট জেলেনস্কি।

সফরের কর্মসূচিতে কানাডা ও ইউক্রেনের অভিন্ন বিভিন্ন অগ্রাধিকার গুরুত্ব পাবে। এর মধ্যে রয়েছে প্রতিরক্ষা, অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা আরও গভীর করা। একই সঙ্গে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসী যুদ্ধের কারণে সৃষ্ট মানবিক বিপর্যয় নিয়েও আলোচনা হবে।

দুই দেশের জনগণের মধ্যে দীর্ঘদিনের দৃঢ় সম্পর্ক আরও জোরদার করার বিষয়টিও সফরের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রধানমন্ত্রী কার্নি বলেন, ইউক্রেনের প্রতিরক্ষা, পুনরুদ্ধার ও পুনর্গঠনে কানাডা তার দৃঢ় অঙ্গীকার অব্যাহত রাখবে।

কানাডা সরকার জানিয়েছে, ইউক্রেনের জন্য ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দেশটির পাশে থাকার পাশাপাশি যুদ্ধ-পরবর্তী পুনর্গঠনেও সহযোগিতা অব্যাহত রাখবে কানাডা।