নেপালে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৫৮৪, এপর্যন্ত নিখোঁজ ২৪৮২ জন

নেপালে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৫৮৪

অনুসন্ধানবার্তা ডেস্ক:
নেপাল ও তিব্বত সীমান্তে হঠাৎ বন্যা ও ভূমিধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫৮৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে শুধু নেপালেই ৫৭৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর চীনের তিব্বতে এখন পর্যন্ত পাঁচজনের নিহত হয়েছে বলে সেকার গনমাধ্যম জানিয়েছে। এছাড়া নেপাল ও তিব্বতের প্রায় ২ হাজার ৪৮২ জন মানুষ নিখোঁজ রয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সকালে বিভিন্ন গণমাধ্যমগুলোর প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

তথ্য অনুযায়ী, নেপালে এখন পর্যন্ত ৫৭৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর নিখোঁজ রয়েছেন ১ হাজার ৯২৪ জন। অন্যদিকে, চীনের তিব্বতে বন্যা ও ভূমিধসে ৫ জন নিহত এবং ৫৫৮ জন নিখোঁজ রয়েছেন।

গত বুধবার (২৬ আগস্ট) হিমালয়ের নেপাল-চীন সীমান্ত এলাকায় হিমবাহ ধসের পর ভয়াবহ পানির স্রোত নেমে আসে। এতে নদীর তীরবর্তী এলাকা, সড়ক, সেতু, ঘরবাড়ি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। চীন ও নেপালের গুরুত্বপূর্ণ সীমান্ত বাণিজ্যকেন্দ্র গিরংও ব্যাপক ক্ষতির মুখে পড়ে।

বন্যার পর পাহাড়ি ধ্বংসাবশেষ একটি নতুন হ্রদ তৈরি করেছে। সেখান থেকে পানি উপচে পড়ায় আরও বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। এ কারণে উদ্ধার অভিযান সাময়িকভাবে ব্যাহত হলেও পরে আবার তা শুরু করা হয়েছে।

নেপাল ও চীনের উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের সন্ধান করছে। দুর্গম পাহাড়ি এলাকা ও যোগাযোগব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়েছে।

তাছাড়া ওই ভূমিধসে ৩২০ ভারতীয় এখনো নিখোঁজ রয়েছে বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। তাদের তথ্যমতে, বন্যাকবলিত এলাকা থেকে বৃহস্পতিবার ২১ জন ভারতীয় কাঠমান্ডুতে পৌঁছেছেন। এ ছাড়া ত্রিশূলী ওয়ান জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত ৬৩ জন ভারতীয়কেও উদ্ধার করা হয়েছে। পাশাপাশি চীনের অংশে আটকে থাকা আরও ৯৬ জন ভারতীয় স্থলপথে নিরাপদে নেপালে প্রবেশ করেছেন। তবে ভারতীয় প্রায় ৩২০ জনের সঙ্গে এখনো যোগাযোগ করা সম্ভব হয়নি।