ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, অনুসন্ধানবার্তা:
ফরিদপুরের ভাঙ্গায় হাইওয়ে থানার সামনে অস্ত্র উঁচিয়ে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করার ঘটনায় হামিদুল গাজী (৪২) নামে এক যুবক ও তার বান্ধবী শিমু আক্তার তিশাকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত প্রাইভেটকার ও একটি রিভলবার জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।
পুলিশ জানায়, গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে ঢাকার বনানীর একটি হোটেল থেকে হামিদুল গাজী ও তার বান্ধবী শিমু আক্তারকে গ্রেফতার করা হয়। পরে হামিদুলের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর যাত্রাবাড়ীর একটি গ্যারেজ থেকে ঘটনার সময় ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।
এ ছাড়া তার দেওয়া তথ্য অনুযায়ী, মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার গোয়ালী মান্দ্রা গ্রামের বাড়ির একটি পরিত্যক্ত টয়লেট থেকে একটি রিভলবার উদ্ধার করে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান জানান, গত ১৭ আগস্ট রাতে ঢাকা থেকে গোপালগঞ্জ যাওয়ার পথে ভাঙ্গা গোলচত্বর হাইওয়ে থানার সামনে একটি রেস্তোরাঁর কাছে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে হামিদুল গাজীর তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে তিনি রিভলবার বের করে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। পরে প্রাইভেটকারে থাকা শিমু আক্তার তিশাকে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনায় ভাঙ্গা থানার এসআই প্রশান্ত কুমার মণ্ডল বাদী হয়ে মামলা করেন।
গ্রেফতারকৃত হামিদুল গাজীর বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার গোয়ালী মান্দ্রা গ্রামে। তিনি ওই গ্রামের মোতালেব গাজীর ছেলে। আর শিমু আক্তার তিশা বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা এবং বর্তমানে ঢাকার রূপনগর সরকারি কোয়ার্টার এলাকায় বসবাস করেন। পুলিশ জানিয়েছে, শিমু আক্তার ‘ফাতেমা ইসলাম এনি’ নামেও পরিচিত।
পুলিশ আরও জানায়, হামিদুল গাজীর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় নয়টি মামলা রয়েছে। এ ছাড়া ভাঙ্গা থানায় অস্ত্র আইনে একটি মামলাসহ তার বিরুদ্ধে মোট ১০টি মামলা রয়েছে।




