ধুনটে টিনের চাল কেটে লক্ষাধিক টাকার মালামাল চুরি

ধুনটে টিনের চাল কেটে লক্ষাধিক টাকার মালামাল চুরি

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপজেলার একটি মুদি দোকানের টিনের চাল কেটে লক্ষাধিক টাকার মালামাল চুরি করেছে দুবৃর্ত্তরা। বুধবার দিবাগত রাতে মথুরাপুর ইউনিয়নের উজালশিং মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

জানাগেছে, ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উজালসিং মধ্যপাড়া গ্রামের মৃত মোহাম্মদ সলিমুদ্দিনের ছেলে জাহিদুল ইসলামের একটি মুদির দোকান রয়েছে। রাতের কোনো এক সময় দুবৃর্ত্তরা দোকানের টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে। পরে দোকানে থাকা বিভিন্ন মালামাল ও নগদ টাকা নিয়ে যায়। দোকানের দরজা বা তালা খোলা হয়নি। টিনের চাল কেটে তৈরি করা পথ দিয়েই মালামাল বাইরে বের করে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান স্থানীয়রা।

দোকান মালিক জাহিদুল ইসলামের দাবি, তার দোকান থেকে আনুমানিক ২ লাখ টাকার মালামাল ও নগদ টাকা চুরি হয়েছে। কিন্তু এ ঘটনায় তিনি থানায় অভিযোগ দিবেন না। তবে কেন তিনি আইনের আশ্রন নিবেন না এবিষয়ে তিনি কোন উত্তর দেননি।

তবে এলাকাবাসীর অভিযোগ, মথুরাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে নিয়মিত চুরি ও চুরির চেষ্টা হচ্ছে। এক-দুই দিন পরপরই কোনো না কোনো বাড়ি বা দোকানে চুরির ঘটনা ঘটছে।

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, উজালসিং, ছাতিয়ানি, হোসেনপুর, রামপুরা, গোবিন্দপুর ও জাবারীপাড়া গ্রামসহ আশপাশের এলাকায় চুরির ঘটনা বেশি ঘটছে বলে জানান তারা। কিন্তু নিরাপত্তার কারণে প্রকাশ্যে কারও নাম বলতে রাজি হননি কেউই। চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এলাকায় পুলিশি টহল ও নজরদারি বাড়ানোর পাশাপাশি চুরির ঘটনাগুলো তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, চুরির বিষয়ে কেউই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। তারপরও এব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে।