দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে টরন্টো দুর্গাবাড়ির নারী সভা

ভোগের আয়োজন ও উৎসবের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময়

দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে টরন্টো দুর্গাবাড়ির নারী সভা

হেলাল সরকার, কানাডা প্রতিনিধি: আসন্ন দুর্গাপূজা উৎসব-২০২৬ এর প্রস্তুতিকে সামনে রেখে টিম দুর্গাবাড়ির উদ্যোগে এক নারী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দুর্গাপূজার বিভিন্ন আয়োজন, বিশেষ করে পূজার ভোগ, উৎসবের সার্বিক কার্যক্রম এবং সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় ৯ সেপ্টেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।

সভায় টিম দুর্গাবাড়ির নারী সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং তাঁদের অভিজ্ঞতা, চিন্তাভাবনা ও বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। পূজার ভোগের প্রস্তুতি ও পরিবেশন থেকে শুরু করে উৎসবের বিভিন্ন কার্যক্রম সমন্বিতভাবে পরিচালনার বিষয়ে সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ মতামত উঠে আসে।

আলোচনায় দুর্গাপূজা উৎসবকে আরও সুন্দর, সুশৃঙ্খল ও আনন্দময় করে তুলতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে কমিউনিটির বৃহত্তর অংশগ্রহণ নিশ্চিত করে উৎসবের প্রতিটি কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার বিষয়েও মতামত বিনিময় করা হয়।

সভায় অংশগ্রহণকারী সকল নারী সদস্যকে তাঁদের মূল্যবান সময়, অভিজ্ঞতা ও মতামত দেওয়ার জন্য টিম দুর্গাবাড়ির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, নারীদের সক্রিয় অংশগ্রহণ ও সম্মিলিত উদ্যোগ দুর্গাপূজা ২০২৬-এর আয়োজনকে আরও প্রাণবন্ত ও সফল করে তুলবে।

টরন্টো দুর্গাবাড়ির বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ ও নেতৃত্ব দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কমিউনিটির বিভিন্ন উদ্যোগে নারীদের অবদান সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করেছে বলে সভায় উল্লেখ করা হয়।

সভায় উপস্থিত নারীরা দুর্গাপূজা উৎসব ২০২৬ সফল করতে নিজেদের অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। সম্মিলিত প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে টরন্টোতে একটি সুন্দর, সুশৃঙ্খল ও স্মরণীয় দুর্গাপূজা আয়োজনের প্রত্যয় ব্যক্ত করা হয়।