ধুনটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ধুনটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ধুনট (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা

বগুড়ার ধুনটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মাদক বিরোধী এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৪টায় উপজেলার নিমগাছী ইউনিয়নের ধামাচামা বাজারে ধামাচামা সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও ধামাচামা আলোর দিশারি পাঠাগারের উদ্যোগে সংগঠনের নিজস্ব কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।

সংগঠন ও পাঠাগারের সভাপতি প্রভাষক মিঠু মিয়া ভেটুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত মহাব্যবস্থাপক আলহাজ্ব শামছুর রহমান।

অনুষ্ঠানে সংগঠন ও পাঠাগারের প্রধান উপদেষ্টা এবং একটি স্বেচ্ছাসেবী সংগঠনকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। এ ছাড়া আন্তর্জাতিক আবিষ্কার ও উদ্ভাবন প্রতিযোগিতায় গোল্ড মেডেল অর্জনকারী কৃতি শিক্ষার্থী এবং এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট, একটি করে আমগাছের চারা ও বিভিন্ন বীজ দিয়ে সংবর্ধিত করা হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাহাটা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি ফজল-এ-খুদা তুহিন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সোনাহাটা এজেন্ট শাখার ব্যবস্থাপক ও প্রভাষক মুহাম্মদ আতাউর রহমান এবং এলজিইডির উপসহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান।

এছাড়া সেমিনারে মাদকের ভয়াবহতা ও এর সামাজিক- পারিবারিক ক্ষতিকর প্রভাব তুলে ধরে বক্তব্য রাখেন ধুনট সরকারি নইম উদ্দিন মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মশিউর রহমান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল পাশা, ধুনট থানার এসআই নজরুল ইসলাম এবং ধামাচামা সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও ধামাচামা আলোর দিশারি পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি জিন্নাহুর রহমান রাকিব ও শিক্ষার্থী নাঈম ইসলাম।

এছাড়ও অনুষ্ঠানে সংগঠন ও পাঠাগারের সহ-সভাপতি আশরাফুল ইসলাম, যুগ্ম সম্পাদক আবু তাহের, কোষাধ্যক্ষ ফিরোজ আলীসহ সংগঠনের অন্যান্য সদস্য, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।