বগুড়ার নন্দীগ্রামে অতিরিক্ত দামে সার বিক্রি, ব্যবসায়ীর জরিমানা

বগুড়ার নন্দীগ্রামে অতিরিক্ত দামে সার বিক্রি, ব্যবসায়ীর জরিমানা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়ার নন্দীগ্রামে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে ৪ সার ব্যবসায়ীকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় নন্দীগ্রাম পৌরসভার ওমরপুর বাজার ও ভাটগ্রাম ইউনিয়নের হাটকড়ই বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনাকালে লাইসেন্স ব্যতীত সার বিক্রয়, মূল্য তালিকা না থাকা ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে সার বিক্রি’র অপরাধে বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ ও সার ব্যবস্থাপনা আইন-২০০৬ অনুযায়ী ৪ টি প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার।

দন্ডাদেশপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন-মেসার্স অংকন ট্রেডার্সের স্বত্বাধিকারী নন্দীগ্রামের জিতেন্দ্রনাথের ছেলে নিরল (২৫), মেসার্স মোহসিনা ট্রেডার্সের স্বত্বাধিকারী ওমরপুর গ্রামের মৃত তায়েজ উদ্দিনের ছেলে ইব্রাহিম (৪২), মেসার্স স্বপন ট্রেডার্সের স্বত্বাধিকারী হাটুয়া গ্রামের শ্রী সুভাষ চন্দ্রের ছেলে স্বপন কুমার মহন্ত (৩৬) ও মেসার্স আলহাজ্ব ট্রেডার্সের স্বত্বাধিকারী গোয়ালগাড়ী গ্রামের মৃত আহমদ আলীর ছেলে বেলাল হোসেন (৪৭)।
এসময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা গাজিউল হক। এছাড়া আরো উপস্থিত ছিলেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা জাকিরুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা জহুরুল হক সহ নন্দীগ্রাম থানা পুলিশ।