ধুনটে অপরাধ দমনে পুলিশের বিশেষ মহড়া।।

স্টাফ রিপোর্টার অনুসন্ধানবার্তা : বগুড়ার ধুনটে অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিত এবং মাদক, ছিনতাই, চুরি ও জুয়াসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে মহড়া করেছে থানা পুলিশ। বুধবার (৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে ধুনট থানা প্রাঙ্গণ থেকে এ মহড়া শুরু হয়।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের সদস্যরা মোটরসাইকেলযোগে এই মহড়ায় অংশ নেন।

মহড়াটি ধুনট পৌরসভা, ধুনট সদর ও চৌকিবাড়ী ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও গ্রামাঞ্চল প্রদক্ষিণ করে। এ সময় অপরাধপ্রবণ এলাকাগুলোতে পুলিশের দৃশ্যমান উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি টহল ও নজরদারি জোরদার করা হয়।

পুলিশ জানায়, মাদক, ছিনতাই, চুরি, জুয়াসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।

তবে এব্যাপারে  ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের টহল ও অভিযান চলছে।