স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে বিএনপির দলীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরণের মামলায় নবাব আলী মন্ডল (৫১) নামে এক আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত নবাব আলী মন্ডল উপজেলার নিমগাছী ইউনিয়নের বেড়েরবাড়ী বুড়ীর ভিটা গ্রামের মৃত আবুল হোসেন মন্ডলের ছেলে এবং তিনি নিমগাছী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের পদে রয়েছেন।
পুলিশ জানায়, ২০২৩ সালের ৬ জুন ধুনট পৌর এলাকার পশ্চিম ভরণশাহী গ্রামে ১নং ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে ককটেল হামলার অভিযোগ এনে ২০২৫ সালের ২৬ জানুয়ারি ধুনট থানায় একটি মামলা করা হয়। ধুনট উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ওই মামলার আসামি হিসেবে নবাব আলী মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে।
এব্যাপারে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে নবাব আলী মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।




