আব্দুর রউফ উজ্জল, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি, অনুসন্ধানবার্তা:
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ যোগদান করেছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে তিনি বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরার নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার ও সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের মাঠ প্রশাসন শাখার সিনিয়র সহকারী কমিশনার প্রীতিলতা বর্মনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়নের জন্য রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদান করেছিলেন।
এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পেয়ে যশোর জেলায় বদলির আদেশ পান। তারস্থলে এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বভার গ্রহণ করেছেন।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদের নিজ জেলা রংপুর। তিনি দায়িত্বগ্রহণকালে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।




