নন্দীগ্রামে গ্যাস ট্যাবলেট খেয়ে গরু ব্যবসায়ীর মৃত্যু

নন্দীগ্রামে গ্যাস ট্যাবলেট খেয়ে গরু ব্যবসায়ীর মৃত্যু

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি, অনুসন্ধানবার্তা:
বগুড়ার নন্দীগ্রামে গ্যাস ট্যাবলেট খেয়ে ফারুক হোসেন (৪২) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের ছোট ডেরাহার এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ফারুক হোসেন ডেরাহার গ্রামের মৃত ফরিদ উদ্দীনের ছেলে। তিনি পেশায় একজন গরু ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে ফারুক হোসেন নিজ শয়নকক্ষে অবস্থান করছিলেন। একপর্যায়ে তিনি গ্যাস ট্যাবলেট সেবন করেন বলে পরিবারের সদস্য ও স্থানীয়রা জানতে পারেন। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। ফারুক হোসেনের গ্যাস ট্যাবলেট সেবনের প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এব্যাপারে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম বলেন, গ্যাস ট্যাবলেট খাওয়ার পর ফারুক হোসেন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।