অনুসন্ধানবার্তা ডেস্ক রিপোর্ট:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর বহিস্কৃত সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) বিকালে শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
রবিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান। তিনি জানান, ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটে মরিয়ম খাতুনের মরদেহ গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়।
জানাগেছে, গত জুলাইতে ১৯ বছর বয়সী মরিয়মের সঙ্গে সাতক্ষীরার এমপি নজরুলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ালে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয় দেশজুড়ে।
তখন মরিয়মকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি জানালেও শেষ রক্ষা হয়নি জামায়াতের এমপি নজরুলের। সেই সময় দেশজুড়ে সমালোচনা আর ব্যাপক রাজনৈতিক চাপের মধ্যে পড়েন নজরুল। পরে তাকে দল থেকে বহিষ্কার করে জামায়াত।
এব্যাপারে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, ন্যাম ভবনের ৫ নম্বর বিল্ডিংয়ের তৃতীয় তলায় ২০৩ নম্বর ফ্লাটে সাতক্ষীরার-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলাম এর দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মৃতদেহ পাওয়া গেছে। সিআইডির ফরেনসিক দল ও পিবিআই সেখানে কাজ করছে।
উল্লেখ্য, চলতি বছরের জুলাইয়ে ঢাকার মগবাজারের একটি হোটেলে মরিয়মের সঙ্গে এমপি নজরুলের অন্তরঙ্গ মুহূর্তের কয়েকটি ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়লে জামায়াতের নেতাকর্মীরা প্রথমে এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি বলে দাবি করেন। কিন্তু তারপর এমপি নজরুল ইসলাম তার ফেইসবুকে বিষয়টি নিয়ে একটি পোস্ট লিখে সেখানে ওই নারীকে দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছিলেন। তবে বর্তমানে তার স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যু নিয়ে রহস্য যেন জনমনে নানা সমালোনাও তৈরী হয়েছে।




