বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি, অনুসন্ধানবার্তা:
জামালপুরের দেওয়ানগঞ্জে সেনা সদস্যের বাড়িতে ৫ দিন ধরে অনশনরত প্রেমিকার বিয়ের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় পোড়াভিটা এলাকাবাসীর উদ্যোগে দেওয়ানগঞ্জ-রৌমারী সড়কের তারাটিয়া পোড়াভিটা এলাকায় ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, আহসান হাবিব জুয়েল, দুলাল হোসেন, আমজাদ হোসেন, বাকি সরকার, খুশি পারভীন।
মানববন্ধনে এলাকাবাসী পোড়াভিটা এলাকার ফেলু মিয়ার ছেলে সেনা সদস্য জীবন মিয়ার বাড়িতে অনশনরত প্রেমিকা মিষ্টি আক্তারের সঙ্গে বিয়ের দাবি জানান। তারা বলেন, ৪ বছর ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে সেনা সদস্য জীবন মিয়া তার প্রেমিকা মিষ্টি আক্তারের জীবন নিয়ে ছিনিমিনি খেললেও সে গত বৃহস্পতিবার বিকালে নিজ বাড়িতে রেখে উধাও হয়। এছাড়াও বিয়ে না করে উল্টো মিষ্টি আক্তারকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। তাই প্রেমিক জীবনের সঙ্গে প্রেমিকার বিয়ের ব্যবস্থা করা হোক। পাশাপাশি শারীরিকভাবে নির্যাতনের বিচার দাবি করেছেন এলাকাবাসী।




