বন্ধুকে খুন করে মাটিতে পুঁতে সিমেন্ট ঢালাই!

বন্ধুকে খুন করে মাটিতে পুঁতে সিমেন্ট ঢালাই!

নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা: ঢাকা
রাজধানীতে বন্ধুকে খুন করে মাটিতে পুঁতে সিমেন্ট ঢালাই দিয়েছে এক পাষন্ড বন্ধু। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোরে লালবাগের বিসি দাস স্ট্রিটের ২৬ নম্বর রোডের পাঁচতলা ভবনের পাশের একটি স্থানের মাটি খুঁড়ে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত ব্যবসায়ীর বন্ধু মাসুমকে আটক করা হয়েছে।

তবে পুলিশ জানিয়েছে, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে শেখ ওয়াসিম রনি (৪৩) নামের এক ব্যবসায়ীকে খুন করে লাশ নিজের বাসার নিচে থাকা কারখানার পাশে একটি জায়গায় পুঁতে তার ওপরে সিমেন্ট দিয়ে ঢালাই করে রেখেছিল তারই বন্ধু মাসুম।

নিহতের স্বজনরা জানিয়েছেন, আবাসন ব্যবসায়ী ওয়াসিম রনি গত ৮ সেপ্টেম্বর দুপুর থেকে নিখোঁজ ছিলেন। এর প্রেক্ষিতে লালবাগ থানায় একটি জিডি করা হয়। পরে তদন্তে নেমে পুলিশ মাসুমকে আটক করে। মাসুমকে নিয়েই বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা থেকে শুরু হওয়া লাশ উদ্ধার অভিযান চলে শুক্রবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত।

একপর্যায়ে লালবাগের বিসি দাস স্ট্রিটের ২৬ নম্বর রোডের পাঁচতলা ভবনের নিচে একটি জায়গায় পুঁতে রাখা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। সেখানেই গ্রেপ্তার হওয়া মাসুমের ইমিটেশন গহনার কারখানা রয়েছে।

নিহতের দুলাভাই নাসির উদ্দিন বলেন, “নিখোঁজ হওয়ার পর থেকেই ওয়াসিম রনিকে খোঁজার চেষ্টা চলছিল। বিসি দাস স্ট্রিটের যে পাঁচতলা ভবনের নিচে তাকে মারা হয়, সেখানে মাসুমের ছেলে থাকত। ওই ভবনের নিচেই ছিল মাসুমের ইমিটেশন জুয়েলারির কারখানা। রনিকে মেরে মাসুম লাশ গুমের জন্য কারখানার মাটিতে পুঁতে উপর দিয়ে সিমেন্ট ঢালাই করে দিয়েছিল।”

তিনি আরো জানান, “রনি এবং মাসুম দু’জনই বন্ধু। ইমিটেশন জুয়েলারি ব্যবসায়ী মাসুম প্রায় আট মাস আগে রনির কাছ থেকে তিন লাখ টাকা সুদে ধার নেন। কিন্তু টাকা পরিশোধ না করায় তাদের মধ্যে বিরোধ তৈরি হয়।

পুলিশ জানায়, গত ৮ সেপ্টেম্বর পাওনা টাকার চেক আনতে মাসুমের কারখানায় যান ওয়াসিম রনি। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে উভয়ের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে মাসুম তার বন্ধু ওয়াসিমের মাথায় ঘুষি মারলে তিনি অচেতন হয়ে পড়েন। এরপর ভয়ে মাসুম বন্ধু ওয়াসিম রনিতে হত্যা করে লাশ পুঁতে তার ওপর সিমেন্ট দিয়ে ঢালাই দেন।