বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান

বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান

অনুসন্ধানবার্তা ডেস্ক:
বাংলাদেশি কর্মীদের জন্য আবারো শ্রমবাজার খুলতে যাচ্ছে ওমান। তারা বাংলাদেশের ১০ হাজার কর্মী নেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছেন। তন্মধ্যে ৫ হাজার কৃষক এবং ৫ হাজার মৎস্যজীবী নেওয়ার কথা রয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ও ওমানের মধ্যে মধ্যে চুক্তিও সই হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বুধবার ঢাকায় সফররত ওমান রাজপরিবারের সদস্য আল সাইয়িদ মোহাম্মদ সালিম আলি আল সাঈদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

সাংবাদিকদের তিনি জানান, ওমানের কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশ সরকারের এ বিষয়ে আলোচনা হয়েছে। এরই মধ্যে ওমানের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করেছে। আলোচনার ভিত্তিতে বাংলাদেশ থেকে ৫ হাজার কৃষক ও ৫ হাজার মৎস্যজীবী নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে এবং এ বিষয়ে চুক্তিও সই হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরো জানান, ওমানের আরেকটি প্রতিনিধিদল আগামী মাসে বাংলাদেশ সফরে আসবেন। তারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবেন। এরপর কর্মী নেওয়ার বিষয়টি চূড়ান্ত করা হবে।

তিনি বলেন, বিভিন্ন কারণে ওমানের ভিসা বন্ধ রয়েছে। আগের সরকারের সময়ে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বাংলাদেশি কর্মীরা যাতে আবারো নিয়মিতভাবে ওমানে যেতে পারেন, সে জন্য বর্তমান সরকার কূটনৈতিক তৎপরতার মাধ্যমে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, বিএনপি সরকার গঠনের পর থেকেই কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। দক্ষ অভিবাসনের ওপরও জোর দেওয়া হচ্ছে। বাংলাদেশ থেকে দক্ষ কর্মী বিদেশে পাঠানোর বিষয়টি ওমান সরকারের কাছে তুলে ধরা হয়েছে।

তিনি আরো বলেন, বাংলাদেশ আরও বেশি দক্ষ কর্মী ওমানে পাঠাতে চায়। বিভিন্ন খাতে বাংলাদেশের মানুষ যাতে সেখানে গিয়ে কাজের সুযোগ পান, সে বিষয়ে দুই দেশ একসঙ্গে কাজ করছে। এ ক্ষেত্রে ওমানেরও আগ্রহ রয়েছে বলে জানান তিনি।

এদিকে ওমানের রাজপরিবারের সদস্য আল সাইয়িদ মোহাম্মদ সালিম আলি আল সাঈদের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।