স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মাদক বিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
সোমবার (৭ সেপ্টেম্বর) ধুনট থানাধীন টিএনটি মোড় এলাকায় ডিএনসি বগুড়ার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এসময় পথচারী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে মাদক বিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
লিফলেটে মাদক সেবনের ভয়াবহ পরিণতি, মাদকাসক্তির কারণে ব্যক্তি ও পারিবারিক জীবনে সৃষ্ট ক্ষতি এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়।
বগুড়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) উপ-পরিচালক মো: জিল্লুর রহমান বলেন, “মাদক শুধু ব্যক্তি নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংস করে দেয়। মাদকের বিরুদ্ধে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টি করাও অত্যন্ত জরুরি। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে পরিবার ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”




